বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াকে স্মরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার।
২০০৯ সালের এই দিনে ওয়াজেদ মিয়া মারা যান।
এই বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকীতে শুক্রবার বাদ আসর ধানমণ্ডীর সুধা সদনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এতে উপস্থিত থাকবেন।
ফাইল ছবি
এছাড়া সকালে পাবলিক লাইব্রেরিতে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করেছে। পীরগঞ্জের ফতেপুর গ্রামে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।
শুক্রবার ছুটির দিন হওয়ায় এম এ ওয়াজেদ মিয়া স্মরণে বৃহস্পতিবার জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশন বিকালে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে ওয়াজেদ মিয়ার জন্ম। প্রয়াত আবদুল কাদের মিয়া ও ময়জান নেছার সন্তান ওয়াজেদ মিয়া ‘সুধা মিয়া’ নামেই সমধিক পরিচিত ছিলেন।
ওয়াজেদ মিয়া ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। ১৯৬৭ সালে তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। ১৯৬৫ সালে তিনি তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দিয়ে চাকরি জীবন শুরু করেন। পরে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি।
ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং ১৯৬১ সালে ফজলুল হক হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন।
তিনি ১৯৬৭ সালে বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ে করেন। পদার্থবিজ্ঞান বিষয়ে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। রাজনীতি বিষয়েও তিনি বই লিখেছেন।
