‘চিকিৎসক হয়ে নিজেকে ধরে রাখতে পারিনি’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক গুলবার আলী জুয়েল চিকিৎসা না পেলেও ঢাকা থেকে এসে এক ডাক্তার তার অস্ত্রোপচার করেছেন।
ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসক জুলফিকার আলী বৃহস্পতিবার বিকালে রাজশাহী নগরীর একটি ক্লিনিকে ফটোসাংবাদিক গুলবার আলী জুয়েলের অস্ত্রোপচার করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন বিনা চিকিৎসায় থাকার পর শিক্ষানবিশ চিকিৎসকরা জুয়েলের চিকিৎসা দিতে পারবেন না বলায় মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল ছেড়ে চলে যান তিনি।
গুলবার আলী জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিক বলে রাজশাহী মেডিকেলের শিক্ষানবিস চিকিৎসকরা তাকে চিকিৎসা দেননি।
“কিন্তু ঢাকা থেকে যিনি এসে আমাকে চিকিৎসা দিয়েছেন তিনিও একজন চিকিৎসক,” বলেন জুয়েল।
পঙ্গু হাসপাতালের চিকিৎসক জুলফিকার আলী বলেন, একজন চিকিৎসকের প্রধান কাজ রোগীদের সেবা প্রদান করা। নিজ শত্রুও যদি অসুস্থ হয়ে পড়ে ডাক্তারদের কাজ তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা।
“কিন্তু রামেকের ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা যা শুরু করেছেন তাতে আমরা সত্যিই বিব্রতবোধ করছি।
“রাজশাহীতে তো অর্ধশত ভালো ভালো ডাক্তার রয়েছেন। একজন রোগীকে যখন বিনা চিকিৎসায় হাসপাতাল ছাড়তে হয়, তখন চিকিৎসক হয়ে নিজেকে আর ধরে রাখতে পারিনি। তাই তার চিকিৎসা প্রদান করেছি।”
গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বিরোধী ছাত্রদের উপর হামলার ছবি তুলতে গিয়ে হামলায় পা ভেঙ্গে যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও স্থানীয় নতুন প্রভাতের এই ফটো সাংবাদিকের।
এরপর রাজশাহী মেডিকেলে তার পায়ে অস্ত্রোপচার করে রড বসানো হয়।
গত ৪মে জুয়েল পায়ের রড খুলে প্লাস্টার করার জন্য রাজশাহী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি হন। তিনদিন বিনা চিকিৎসায় থাকার পর শিক্ষানবিশ চিকিৎসকরা সাংবাদিকদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে বাধ্য হয়ে গত মঙ্গলবার তিনি হাসপাতাল ত্যাগ করেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রচারিত হলে বৃহস্পতিবার সাংবাদিকদের চিকিৎসা দিতে অপারগতা জানানো শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।
এ খবর শোনার পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসক জুলফিকার আলী জুয়েলকে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
সাংবাদিক-ডাক্তার দ্বন্দ্ব
গত ২০ এপ্রিল রাতে রামেক হাসপাতালে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় রোগীর স্বজনরা।
এ সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালান শিক্ষানবিস চিকিৎসকরা। এতে ১০ সাংবাদিক আহত হন। দুইটি ক্যামেরা ছিনিয়ে নেয়াসহ আরো তিনটি ক্যামেরা ভাংচুর করা হয়।
এ ঘটনায় শিক্ষানবিস চিকিৎসকদের বিরুদ্ধে থানায় দুইটি মামলা করেন সাংবাদিকরা।
এই বিষয়ে কথা বলার জন্য ইন্টার্ন চিকিৎসকদের সমন্বয়ক শেখ সাদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়।
