২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের সহায়তায় এনবিআর’র সভা

ইসলামী ব্যাংকের সহায়তা নিয়ে প্রাকবাজেট আলোচনা সভা করলো সরকারি প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 11:26 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে  জাতীয় রাজস্ব বোর্ডের  (এনবিআর) পরামর্শক কমিটির ৩৫তম সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও এনসিসি ব্যাংক ওই সভা আয়োজনে সহযোগিতা করেছে বলে অনুষ্ঠানের ব্যানারে উল্লেখ করা হয়েছে।

সমালোচনার মুখে দেড় মাস আগে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠান আয়োজনে ইসলামী ব্যাংকের অর্থ নেয়া থেকে বিরত থাকে সরকার।

ব্যাংকটির মালিকানা কাঠামোয় যুদ্ধাপরাধের অভিযোগে তদন্তাধীন জামায়াতে ইসলামীর নেতাদের নিয়ন্ত্রণ রয়েছে বলে ধারণা করা হয়।

যুদ্ধাপরাধের জন্য বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলী ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান। ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল হান্নানও জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

ব্যাংকটির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মো. সালেহ হলেন কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের ভাই।

এছাড়া ব্যাংকটির বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ ওঠার পর এইচএসবিসি, সিটি ব্যাংক এনএ, স্টান্ডার্ড চার্টার্ডসহ  কয়েকটি ব্যাংক তাদের সঙ্গে লেনদেন বন্ধ রেখেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ছিলেন বিশেষ অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। আর সঞ্চালক ছিলেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।

অনুষ্ঠানে এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তারা, এনবিআরের সদস্য ও কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন খাতের কয়েকশ’ ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মাদ আব্দুজ জাহেরও এসেছিলেন, যার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম এলাকায় আল বদর বাহিনীর নেতৃত্বে থাকার অভিযোগ রয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তিনি চলে যান।

সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলে দুপুর ২টা পর্যন্ত। এরপর দুপুরের খাওয়া-দাওয়া হয়।

ইসলামী ব্যাংকের সহযোগিতা নিয়ে সভা আয়োজনের বিষয়ে অনুষ্ঠান চলাকালে এফবিসিসিআইর সভাপতির সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি সময় দিতে পারেননি।

পরে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করলে সভাপতির ব্যক্তিগত সহকারী আলম বলেন, “স্যার এখন রেস্ট করছেন। কথা বলতে পারবেন না।”