২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্যাতনে অসুস্থ হয়ে গেলে রাস্তায় ফেলে যায়’

ময়মনসিংহ শহরের একটি বাসায় নির্যাতনে অসুস্থ হয়ে যাওয়া গৃহ পরিচারিকাকে রাস্তায় ফেলে পালিয়ে গেছে এক দম্পতি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

প্রায় তিনমাস ধরে নির্যাতনের শিকার বেদেনাকে (২০) মঙ্গলবার রাস্তা থেকে কুড়িয়ে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তার স্বজনরা।

বেদেনা তাদেরকে জানিয়েছেন, গৃহকর্তা সোহাগ ও তার স্ত্রী জেসির ক্রমাগত অত্যাচারে অসুস্থ হয়ে গেলে ওই দম্পতি তাকে রাস্তায় ফেলে পালিয়ে গেছে।

এ ঘটনায় বেদেনার বাবা খলিলুর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় চারজনকে আসামি করে একটি মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসিম জানান, আসামিদের ধরতে অভিযান চলছে।

বেদেনার বরাত দিয়ে তার বাবা খলিলুর রহমান জানান, শহরের বাঘমারা এলাকার সোহাগ ও তার স্ত্রী জেসি বেদেনার পেটে ও পিঠে ইস্ত্রির ছ্যাকা, শরীরের বিভিন্ন জায়গায় গরম তেল ছিটিয়ে ও গরম খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন করত।

প্রায় দুই বছর আগে জেসির বাসায় কাজে যোগ দেয় বেদেনা। এরপর বিভিন্ন অজুহাতে তারা বেদেনাকে নির্যাতন করতো বলে জানান খলিলুর রহমান।

গত তিনমাস ধরে অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল বলেও বেদেনা তার বাবাকে জানিয়েছে।

এক পর্যায়ে অসুস্থ্য বেদেনাকে মঙ্গলবার রাতে (৬ মে) ময়মনসিংহ শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ফেলে দেয় জেসি ও তার স্বামী।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর পর সোহাগ ও জেসি পালিয়ে যায়।

বেদেনাকে ওই বাসায় কাজ দেয়ার অভিযোগে মালেকা ও জ্যোতি নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।