পূর্বাচলে এপার্টমেন্ট তৈরিতে আগ্রহী সিঙ্গাপুর
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ হাজার এপার্টমেন্ট তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুরের একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ হাজার এপার্টমেন্ট তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
“সিঙ্গাপুরের একটি বড় কোম্পানি সম্প্রতি মন্ত্রণালয়ে এসে তাদের আগ্রহের কথা জানিয়েছে।”
কোম্পানিটি সিঙ্গাপুর সরকারের সঙ্গেই কাজ করবে জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে কোনো সমঝোতা স্বারক স্বাক্ষরিত হলে দুই দেশের সরকারের মধ্যেই হবে।“
গণপূর্তমন্ত্রী জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬২ হাজার এপার্টমেন্ট তৈরি করার প্রকল্প রয়েছে। প্রাথমিকভাবে সিঙ্গাপুর ১০ হাজার এপার্টমেন্ট তৈরি করে দেয়ার অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।
সিঙ্গাপুরের ওই কোম্পানি পূর্বাচলে এপার্টমেন্ট তৈরির বিষয়ে শিগগিরই প্রস্তাব নিয়ে আসবে বলেও জানান তিনি।
গত ২৯ এপ্রিল রাজধানীর উত্তরা ও কামরাঙ্গীরচরে ২২ হাজার এপার্টমেন্ট ও ১৩ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার তৈরি করতে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
মালয়েশিয়া চূড়ান্ত প্রস্তাব দিয়েছে কি না জানতে চাইলে গণপূর্তমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে একটি টেকনিক্যাল কমিটি আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছে, তারা সেখান থেকে ফিরে আসার পর একটি প্রতিবেদন দিবে।”
মালয়েশিয়ার চূড়ান্ত প্রস্তাব পেতে আরো সময় লাগবে বলেও জানান মন্ত্রী।
কামরাঙ্গীরচরে আধুনিক হাই রাইজ এপার্টমেন্ট তৈরী করা হবে জানিয়ে তিনি বলেন, “অবৈধ দখল উচ্ছেদ করে সে স্থানে এপার্টমেন্টগুলো তৈরির পরিকল্পনা রয়েছে।”
কামরাঙ্গীরচর এলাকাকে একটি আধুনিক শহরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলেও জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।
