বাবার সামনে ছেলেকে মারধরে দুই এএসআই প্রত্যাহার
থানায় ধরে এনে বাবার সামনে ছেলেকে মারধরের অভিযোগে রংপুরের মিঠাপুকুর থানার দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের পুলিশ সুপার পুলিশ সুপার আব্দুর রাজ্জাক এএসআই মমিনুর রহমান ও কাওসার আলীকে প্রত্যাহারের এ আদেশ দেন।
মারধরের শিকার শোভন ইসলাম(২৫) পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুর আলম যাদুর ছেলে।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, “অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম ঘটনার দিন (০৪ মে) থানায় ছিলেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন।
তিনি বলেন, “থানায় এসে জানতে পারি শোভনকে ওই দিন দুপুরে মিঠাপুকুরের গড়ের মাথা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন এএসআই মমিনুর ও কাওসার।”
শোভনের বাবা নুর আলম যাদু থানায় এসে ছেলেকে আটকের কারণ জানতে চান। এ সময় বাবার সামনেই শোভনকে মমিনুর ও কাওসার লাঠি দিয়ে বেদম মারপিট করে বলে জানতে পারেন বলে জানান ওসি।
তাৎক্ষণিকভাবে শোভনকে তার বাবার জিম্মায় ছেড়ে দেন ওসি।
নুর আলম যাদু অভিযোগ করেন, ব্যবসার কাজ শেষে রংপুর থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুই এএসআই শোভনকে বিনা কারণে আটক করে থানায় নিয়ে যায়।
মারধরের বিষয়টি বিষয়টি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙাকে জানানো হয়েছিল বলে জানান তিনি।
এএসআই মমিনুর ও কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ শোভনকে আটক করা হয়।
লাঠি দিয়ে মারধরের অভিযোগ অস্বীকার করে তারা দাবি করেন শোভন অশালীন আচরণ করলে তার বাবা থানায় আসার পর তাকে শাসন করে দুটি চড় মারা হয়।
