ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করতে নতুন কমিটি
বর্ষা মৌসুমের আগে চট্টগ্রামের ঝুঁকিপুর্ণ পাহাড় চিহ্নিত করতে নতুন করে কমিটি করেছে প্রশাসন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদেরের নেতৃত্বে গঠিত ১৫ সদস্যের এ কমিটি তা নির্ধারণ করে এসব পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদের সুপারিশও করবে।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পাহাড় ব্যবস্থাপনা কমিটির দ্বাদশ সভায় এ কমিটি করা হয়। কমিটিতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে।
শুক্রবার থেকেই কমিটি কাজ শুরু করবে জানিয়ে তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে দিতে প্রয়োজনে উচ্ছেদ করবে প্রশাসন।”
উচ্ছেদ করে তাদের প্রশাসনের উদ্যোগে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে বলেও জানান বিভাগীয় কমিশনার।
গত বছরের ৬ জুন পাহাড় ব্যবস্থাপনা কমিটির সর্বশেষ সভা হয়েছিল।
২০০৭ সালের জুনে অতি বুষ্টিতে ভয়াবহ পাহাড় ধসে চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের এলাকায় পাহাড় ও ভূমিধসে ১২৭ জনের মৃত্যু হয়। এরপর শক্তিশালী এ পাহাড় ব্যবস্থাপনা কমিটি করা হয়েছিল।
বিভিন্ন সময়ে কমিটি বৈঠক করে নানা সিদ্ধান্ত নিলেও নগরীর বিভিন্ন পাহাড়ে অবৈধ বসবাসকারীদের পুরোপুরি সরিয়ে নেয়া এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে প্রাণহানির ঘটনা ঠেকানো যায়নি।
চট্টগ্রামে ১৩টি পাহাড় ঝুঁকিপূর্ণ এবং এর ঢালে অবৈধভাবে লোকজন ঘর তৈরি করে বসবাস করছে। এর অধিকাংশেরই মালিক রেলওয়ে, ওয়াসা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের।
গত বছরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে অবৈধ বসবাসকারীদের সরিয়ে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল।
অভিযোগ আছে, স্থানীয় প্রভাশালীরা এসব সরকারি পাহাড় কেটে অবৈধভাবে ঘর তৈরি করে ভাড়া দিয়ে থাকে। একইসঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মালিকানাধীন পাহাড়গুলোর যথার্থ তত্ত্বাবধান করে না বলেও অভিযোগও রয়েছে।
সভায় বিভাগীয় কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, পাহাড়ে অবৈধ বসতিকারীদের পেছনে যেসব প্রভাবশালী যারা আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
সভায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক জাফর আলম বলেন, “পাহাড়ের গোড়ায় লোকজন না থাকলে প্রাণহানির ঘটনা ঘটবে না। তাদের অন্যত্র সরিয়ে নিয়ে খালি জায়গায় বনায়ন করতে হবে। নইলে পুনরায় তারা সেসব বসতিতে ফিরে আসবে।”
জুনের প্রথম সপ্তাহে কমিটির পরবর্তী সভা হবে বলেও জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আক্তার, সেনাবাহিনী, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, রেলওয়ে, ওয়াসাসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
