পদ্মায় নৌকাডুবিতে স্কুলছাত্রের মৃত্যু
পদ্মা নদীর নাটোরের লালপুর অংশে নৌকা ডুবিতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলেরা কিশোরটির লাশ উদ্ধার করে। আগের দিন বিকেলে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয় গ্রামে পদ্মা নদীতে নৌকা ডুবে ওই কিশোর নিখোঁজ হয়।
নিহত অনিকের কাকা অনুপ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, অনিক এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষে ছুটি কাটাতে সে ঢাকার বাইরে আসে।
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রামের হীরেন চৌধুরী জানান, গত ৫ মে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের জগন্নাথ ধাম আশ্রমের গুরুদেব ব্রজ মোহন ব্রহ্মচারীর সফর সঙ্গী হিসেবে ঢাকার ধামরাইয়ের আমেরিকা প্রবাসী শান্তি রঞ্জন পালের একমাত্র ছেলে অনিক কুমার পাল (১৭) বিলমাড়ীয়া গ্রামের হীরেন চৌধুরীর বাড়িতে আসে।
বুধবার বিকেলে একটি মাছ ধরা নৌকা নিয়ে তারা ৭/৮ জন পদ্মা নদীতে বেড়াতে বের হয়। এক পর্যায়ে বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
অন্যদের জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অনিকের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে জেলেরা মরদেহ পায়।
অনিকের কাকা অনুপ কুমার পালের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে লালপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
