বেতনের দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের বিমানবন্দর সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে আধঘণ্টা ধরে বন্দরটিলা সড়ক অবরোধ করে রাখেন নিউকন গার্মেন্টসের শ্রমিকরা।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই পোশাক কারখানায় ৪৫০ জন শ্রমিক কাজ করেন। এপ্রিল মাসে কারখানাটি সাময়িকভাবে বন্ধ (লে-অফ) ঘোষণা করে মালিক পক্ষ।
আরিফুর বলেন, বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা গত মাসের বেতন নিতে এলে মালিকপক্ষ শুধু ১৯২ জন স্থায়ী শ্রমিককে বেতন দেয়ার ঘোষণা দেয়। এসময় অন্য শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে বন্দরটিলা এলাকায় বিকাল ৩টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ, মালিক পক্ষ, বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রোববার এবিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা জানালে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
