হতাশার মাঝেও শান্তি খোঁজেন বুলবুলি
অনেক হতাশার মধ্যেও স্বামীর কৃতিত্বে ‘শান্তি’ খুঁজে ফেরেন তিন সন্তানের জননী বুলবুলি আক্তার।
বুলবুলির স্বামী রেলের নিরাপত্তাকর্মী আবুল কাশেম গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে বোমা হামলায় নিহত হন।
রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ওই দিন ২ নম্বর প্লাটফর্মে দুই ব্যক্তিকে ব্যাগসহ আসতে দেখে সন্দেহ হয় কাশেমের। এসময় তল্লাশি করতে চাইলে কাশেমের দিকে ব্যাগ ছুড়ে মারা হয়। ব্যাগটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে পুরো মুখমণ্ডলসহ কাশেমের শরীর দগ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে আবুল কাশেমের মা রুবিয়া বেগমের কাছে তিন লাখ টাকার সঞ্চয়পত্র ও স্ত্রীর কাছে সাত লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করেন রেলমন্ত্রী মজিবুল হক।
অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় কাশেমের স্ত্রী বুলবুলি আক্তারের।
তিনি বলেন, “সব হতাশা, দুঃখ ও যন্ত্রণার মধ্যেও মাঝে মাঝে শান্তি পাই- এটা ভেবে যে, তিনি যা করেছেন তা দেশের জন্য। একেই বলে দেশপ্রেম, একেই বলেই দেশপ্রেমিক। তিনি না থাকলেও তার কৃর্তিত্বে আমি গর্বিত।”
এই দম্পতির তিন শিশু বাবার মৃত্যুর বিষয়টি এখনো বুঝতে শেখেনি বলে জানান বুলবুলি।
কাশেমের মৃত্যুর দিনও তার সঙ্গে কথা বলেছিল সাত বছর বয়সী নাহিয়া ইসলাম অহনা ও তিন বছর বয়সী মাইশা ইসলাম।
বাবার সাথে সেদিন কি কথা হয়েছিলো জানতে চাইলে কিছু না বলে তাকিয়ে থাকে অহনা ও মাইশা। আর ছোট ছেলে নেয়াজের বয়স মাত্র এক বছর।
বুলবুলি বলেন, “বাবা যে আর কোনোদিন ফিরবে না এটি অহনা একটু বুঝলেও মাইশা কিছুই বুঝে না। মাঝে-মাধ্যে আব্বু বলে কেঁদে ওঠে।
“আমার সঙ্গে কাশেমের শেষ কথা হয়েছিল ২৮ ডিসেম্বর বিকালে। অনেক কথা হয়েছিল। তাকে আমি সাবধানে থাকতে বলেছি। কারণ গণ্ডগোলগুলো রেললাইনেই বেশি হচ্ছিল সে সময়।”
কিছুক্ষণ আবেগ সামলে তিনি আবার বলেন, “সেই দিন যদি সন্দেহজনক যুবকদের তল্লাশি না করতো। তাহলে অনেক মানুষ মারা যেতো। কারণ আমি শুনেছি সেই সময় রেল স্টেশনের ভেতরে সরকারি দল একটি সমাবেশ করছিল। বোমাগুলো ওই স্থানে ফাটানোর কথা ছিল।”
ভবিষ্যত চিন্তা বুলবুলিকে মাঝে-মধ্যে হতাশায় ফেললেও স্বামীর জন্য গর্ববোধ করেন তিনি।
সন্তানের লালন-পালনসহ সংসার চালানোর জন্য সরকারের কাছে একটি চাকরি চান বুলবুলি আক্তার।
এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন বলেন, “দায়িত্বরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের উপযুক্ত সদস্যকে চাকুরি দেয়ার বিধান রয়েছে।
“আমরা তার চাকরির ব্যবস্থা করব।”
