কোট খুলে পথে ফেলে প্রতিবাদ নাটোরের আইনজীবীদের
নারায়ণগঞ্জে চন্দন কুমার সরকার হত্যাকাণ্ডের প্রতিবাদে পেশাগত পোশাক কোট খুলে পথে ফেলে মানবন্ধন করেছেন নাটোরের আইনজীবীরা।
নারায়ণগঞ্জের ঘটনায় দেশের অন্যান্য স্থানের মতো বৃহস্পতিবার সকালে নাটোর আইনজীবী সমিতি ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শুরুর আগে সব আইনজীবী তাদের কোট খুলে রাস্তায় রেখে হাতে হাত ধরে কর্মসূচিতে অংশ নেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার বলেন, “আজ আমরা আমাদের পেশাগত পোশাক কালো কোট রাস্তায় ফেলে রাখতে বাধ্য হয়েছি। এর মাধ্যমে আমরা প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি।”
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে গত ২৭ এপ্রিল অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
এই হত্যাকাণ্ডের আসামিদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডে র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।
নাটোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বলেন,“শুধু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চন্দন সরকার দুর্বৃত্তদের রোষানলে পড়েছেন। তাকে প্রকাশ্যে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আইনজীবী হিসেবে আমরা লজ্জিত ও ক্ষুব্ধ।”
মানববন্ধনের পর সমাবেশে সুশান্ত কুমার, আব্দুল কাদের ও লোকমান হোসেনও বক্তব্য রাখেন।
তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
