২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুবহানের গুলিতে ভেঙেছে বুকের তিনটি হাড়’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহান একাত্তরে গুলি চালিয়ে তাকে আহত করেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্যে বলেছেন এ মামলায় প্রসিকিউশনের চতুর্থ সাক্ষী রুস্তম আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 02:43 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বুধবার সাক্ষ্য দেন তিনি।

সাক্ষ্যে তিনি বলেন, ১৯৭১ সালের ১৩ এপ্রিল পাবনার পাকশির যুক্তিতলা গ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর হামলা চালায়। এ সময় তার দোকান মালিক জয়নউদ্দিন ও তার জামাতা এবং তিনি নিজে আব্দুস সুবহানের হাতে ধরা পড়েন। পরে আরো কয়েকজনের সঙ্গে তাদের তিন জনকে যুক্তিতলা স্কুল মাঠে নিয়ে লাইনে দাঁড় করানো হয়।

“সেখানেই আব্দুস সুবহান নিজের হাতে থাকা পিস্তল দিয়ে আমাকে দুই বার গুলি করেন। একটি গুলি আমার বাম হাতে, অপরটি আমার বুকে বিদ্ধ হয়। এতে আমার বুকের তিনটি হাড় ভেঙ্গে যায়।”

এরপর আব্দুস সুবহানের নির্দেশে পাকিস্তানি সেনারা বেয়নেট দিয়ে তার বাম চোয়ালে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান বলে ট্রাইব্যুনালে বলেন রুস্তম আলী।

বর্তমানে যুক্তিতলা গ্রামেরই এ বাসিন্দা বলেন, ১৯৭১ সালের আগে থেকেই তিনি পাকশি বাজারে জয়নউদ্দিনের দোকানে কাজ করতেন। ১৩ এপ্রিল সকাল ৭টার দিকে কিছু বকেয়া টাকা আদায়ের জন্য জয়নউদ্দিন ও তার জামাতার সঙ্গে তিনি সারাঘাটে যান।

বেলা আনুমানিক ১১টা-সাড়ে ১১টার দিকে সারাঘাট থেকে ফেরার সময় যুক্তিতলা গ্রামে আগুনের শিখা ও গোলাগুলির শব্দ শুনতে পান তারা। তখন ভয়ে যুক্তিতলা গ্রামেরই মইজউদ্দিনের বাড়ির পেছনে একটি বাঁশ ঝাড়ে তিনজন আত্মগোপন করেন।

“ওইসময় আবদুস সুবহান আমাদের দেখতে পেয়ে পাকিস্তান আর্মি ও বিহারিদের দিয়ে আমাদের ঘিরে ফেলে।এক পর্যায়ে আটক করে আমাদের যুক্তিতলা জামে মসজিদের সামনে নিয়ে যায়।

“সেখানে নিয়ে একটি গাড়িতে আটক অবস্থায় টুলু (ইসরাইলের মা), ইসরাইল ও তার চাচাকে দেখতে পাই।

“পরে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা আর্মির গাড়িতে করে আমাদের যুক্তিতলা স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয়। ঐ গাড়িতে মাওলানা সুবহান ছিলেন।”

গাড়ি থেকে নামানোর পর যুক্তিতলা স্কুলের মাঠে পাকিস্তানি সেনা ও বিহারিদের ধরে আনা আরো কয়েকজনকে চিনতে পারেন বলে বলে ট্রাইব্যুনালে সাক্ষ্যে বলেন রুস্তম আলী।

তাদের মধ্যে যুক্তিতলা গ্রামের হারেস উদ্দিন ও ইসমাইলের নাম উল্লেখ করেন তিনি।

রুস্তম বলেন, “জয়নউদ্দিনের জামাইয়ের হাতে একটি থ্রি ব্যান্ডের রেডিও ছিল। মাওলানা সুবহান ওই রেডিওটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে। আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় হারিস উদ্দিন ও ইসমাইল দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন সুবহান তার হাতে থাকা পিস্তল দিয়ে ওদের লক্ষ্য করে গুলি করে।

Image
জামায়াত নেতা আব্দুস সুবহান।

জামায়াত নেতা আব্দুস সুবহান।

“ইসমাইল দৌড়ে একটি সাঁকোর কাছে গিয়ে গুলি খেয়ে পড়ে যায়। তখন সুবহানের নির্দেশে পাকিস্তানি আর্মি ও বিহারিরা তাকে সেখানেই গুলি করে হত্যা করে।

“এরপর সুবহান আবার আমাদের লাইনে দাঁড়াতে বলে। একপর্যায়ে সুবহান মাওলানা নিজে তার হাতে থাকা পিস্তল দিয়ে আমাকে দুই বার গুলি করে।”

এরপর কাঁদতে কাঁদতে ট্রাইব্যুনালে শরীরের ক্ষত চিহ্নগুলো দেখান রুস্তম আলী।

তিনি বলেন, ওইদিন বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার দিকে তার জ্ঞান সামান্য ফিরলে জানতে পারেন যুক্তিতলা গ্রামের কোরবান আলীসহ আরো কয়েকজন মিলে ইসরাইল,তার মা টুলু ও তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চার মাইল দূরে রূপপুরে তরিকুল ডাক্তারের কাছে নিয়ে যান। জয়নউদ্দিন ও তার জামাতাসহ বাকি সবাইকে মেরে ফেলা হয়েছিল বলে কোরবান আলী তাকে জানিয়েছিলেন।

রুস্তম আলী বলেন, কিছুদিন চিকিৎসার পর একটু সুস্থ হয়ে তিনি রূপপুরে জয়নউদ্দিনের ভাইয়ের বাড়িতে থাকতে শুরু করেন। সেখানে থাকা অবস্থায় তার শরীরের ক্ষতস্থানে সংক্রমণ দেখা দিলে জয়নউদ্দিনের ভাতিজা হালিম চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতের বরাতপুরে নিয়ে যান।

ভারতে প্রায় তিন মাস চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে দেশে ফেরেন। দেশ স্বাধীনের মাস তিনেক আগে দেশে ফিরে রূপপুরে জয়নউদ্দিনের ভাইয়ের বাড়িতে থাকতেন তিনি।

সাক্ষ্যের এক পর্যায়ে আসামি আব্দুস সুবহানকে সনাক্ত করেন রুস্তম আলী।

সাক্ষ্য দেয়া শেষ হলে তাকে জেরা শুরু করেন আসামির আইনজীবী এস এম শাহজাহান। পরে জেরা অসমাপ্ত রেখে আগামী সোমবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

পুরনো খবর:

‘বাবাকে প্রথম কোপ দিয়েছিল সুবহান’