মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা বিজিবি-বিএসএফের
একাত্তরে ভারতের তুলার কিলাপাড়ার বিএসএফ ক্যাম্পে হামলা চালিয়ে প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধাসহ কয়েকজনকে হত্যার ঘটনা স্মরণ করলো বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ।
ময়মনসিংহের হাতিপাগার সীমান্ত এলাকা পার হয়ে ভারতের তুলার কিলাপাড়ার এই ঘাঁটিতে বুধবার দুপুরে উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যরা মিলিত হন বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপমহাপরিচালক কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার জানান।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিএসএফের বিশেষ মহাপরিচালক বিডি শর্মাসহ উভয় দেশের সীমান্তরক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ২৫ মে পাকিস্তানি সেনারা ভারতের ভেতর ঢুকে এই হামলা চালায়। এই ক্যাম্পেই মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিতেন এবং ময়মনসিংহয়ের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতেন।
খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই চালানোয় পাকসেনারা সেখানে হামলা চালায়।”
ওই হামলায় দুইজন মুক্তিযোদ্ধা ও বিএসএফ সদস্যসহ বেশ কয়েকজন শহীদ হন।
পাকিস্তানি সৈন্যদের হামলার ঘটনায় নিহতদের স্মরণে গতবছর সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
