২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশ ডেকেছেন ইমরান

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল এবং জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় দ্রুত দেয়ার দাবিতে গণমিছিল ও সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 10:41 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগের প্রজন্ম চত্বরে এ কর্মসূচি ডেকেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনের এক বছরের মাথায় গণজাগরণ মঞ্চে ‘কোন্দল’ সৃষ্টির প্রেক্ষাপটে এই সমাবেশ ডাকা হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গণজাগরণ মঞ্চের আন্দোলনে থাকা একটি অংশ গত মাসে ইমরানকে বহিষ্কার করেন। তার আগে শাহবাগে এক দফা মারামারির পর পাল্টপাল্টি মামলাও হয়।

ইমরানবিরোধীদের অভিযোগ, তিনি কারো মতামতের তোয়াক্কা না করে কাজ করছেন।

অন্যদিকে শুরু থেকে মঞ্চের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসা ইমরানের অভিযোগ, শুরুতে সমর্থন দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন মঞ্চের আন্দোলন বন্ধ করে দিতে চাইছে।   

বৃহস্পতিবারের সমাবেশের পরদিন সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে মঞ্চের যৌথসভা হবে বলে ইমরানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

“গণজাগরণ মঞ্চের দীর্ঘ ১৫ মাসের আন্দোলনে সম্পৃক্ত সব সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, নারী, শিশু-কিশোর, স্বেচ্ছাসেবী, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হবে।”