৩ সেনার অবসর দানকে সাজা ভাবে না পাঠকরা
নারায়ণগঞ্জে ৭ জন হত্যাকাণ্ডের জেরে তিন র্যাব সদস্যকে চাকরি থেকে অবসর দেয়াকে ‘সাজা’ হিসেব দেখছেন না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজের অনেক পাঠক।
নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুলসহ সাত জনকে অপহরণের পর হত্যার ঘটনায় সে সময় র্যাবে কর্মরত তিন সেনা সদস্যকে সেনা বাহিনীর চাকরি থেকে অবসরে পাঠানো হয়। এ ঘটনায় `৭ খুন: চাকরি গেল সেই ৩ র্যাব কর্মকর্তার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
খবরটি এর ফেইসবুকে শেয়ার করলে তাতে বিভিন্ন নিক থেকে পাঠকরা নানান মন্তব্য করেন। ফেইসবুকে প্রতিবেদনটির লিংকে মন্তব্য করেছেন অন্তত ১০২ জন, শেয়ার হয়েছে ৪৩ বার আর পছন্দ (লাইক) করেন অন্তত ৬৭৮ জন।
শান্তু মোতাহার হোসেন নিকের পাঠক লেখেন, “স্বেচ্ছা অবসর কোন সাজা নয়। চাকরির সময়ে পাওয়া সব সুবিধাসহ এটি আসলে পুরস্কার।”
সাইদুর রহমান রিপন নিক থেকে লেখা হয়, “শুধু মাত্র চাকরিচ্যুত করলে হবে না। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । যেন আর কোন আইন প্রয়োগকারী সংস্থা সদস্য এই কাজ করতে সাহস না পায়।”
নিক্কণ দে নিকধারী পাঠক লেখেছেন, “সবার সম্পত্তি জব্দ করে আজীবন জেলে রাখা উচিত।
আবার এই তিন র্যাব সদস্যের ছবি প্রকাশ করারও পরামর্শ দিয়েছেন অনেকে।
সোহাগ ফেরদৌস নিক থেকে লেখা হয়েছে, “ তিন জনের ছবি কই? এদের চিনলে জনগণ সাবধান হতে পারবে। চাকরি গেছে এখন তো আর্মি প্রশিক্ষণকে পেশাদার খুনের কাজে লাগাবে।”
শাহজাহান সিরাজ নিকের ব্যক্তিটি প্রশ্ন তুলেছেন, ‘চাকরি গেল মানে কি?’
তবে অনেকেই আসল অপরাধী কে তা তদন্তে বের হওয়ার অপেক্ষায়।
