২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্যবসায়ীর উপর হামলাকারীকে গ্রেপ্তারে আলটিমেটাম

রংপুর নগরীর এক ব্যবসায়ীর উপর হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:57 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

এ সময়ের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘটে যাওয়ারও হুঁশিযারি দেন ব্যবসায়ীরা।

বুধবার দুপুরে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়। 

গত ১ মে রাতে নগরীর রাধাবল্লভ এলাকায় বাসায় ফেরার পথে ইউনানী কলেজের সামনে ব্যবসায়ী ইলিয়াস হোসেন বাবলুকে কুপিয়ে আহত করে একদল সন্ত্রাসী। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এলাকার কয়েকশ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এলাকাবাসীর কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন ব্যবসায়ী নেতারা।  

মানববন্ধন চলাকালে মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট করা হবে।

মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বুড়িরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানও সমাবেশে বক্তব্য দেন।  

পরে এলাকাবাসী ও ব্যবসায়ীরা মিছিল নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিটি করপোরেশন মেয়রের কাছে একই দাবিতে পৃথক স্মারকলিপি দেয়।

এ ঘটনায় বাবলু নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।