২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে উদ্ধার প্রত্মতাত্ত্বিক নির্দশন জাতীয় জাদুঘরে

সিরাজগঞ্জে সরকারি কোষাগারে (ট্রেজারি) রক্ষিত ৩৫টি মূল্যবান প্রত্মতাত্ত্বিক নির্দশন জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:41 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

বুধবার সকালে জাতীয় জাদুঘরের সহকারী রক্ষণাবেক্ষণকারী ড. শরিফুল ইসলামের কাছে এগুলো হস্তান্তর করা হয় বলে ট্রেজারি কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্রেজারি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম গোলাম কিবরিয়া বলেন, বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া এ সকল মূল্যবান এবং ঐতিহাসিক নির্দশন ট্রেজারিতে রক্ষিত ছিল।

“আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় এগুলো জাতীয় জাদুঘরে সংরক্ষণ করার জন্য আবেদন করা হয়। সেই মোতাবেক ৩৫টি প্রত্মতত্ত্ব হস্তান্তর করা হলো।”

এসময় জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।  

হস্তান্তর করা প্রত্মতত্ত্বের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো একটি কালো পাথরের বাসুদেব মূর্তি, কালো রংয়ের শিবলিঙ্গ, কালো পাথরের তৈরি বাসন্তী মূর্তি, পিতলের নারায়ণ মূর্তি, শ্বেত পাথরের তৈরি ষাঁড়ের মূর্তি (যা শিবের বাহন হিসেবে পরিচিত), কালো পাথরের খোদাই করা বৌদ্ধ মূর্তি।

শরিফুল ইসলাম বলেন, সারাদেশে এ ধরনের প্রায় ২১ হাজার প্রত্মতাত্ত্বিক নির্দশন রয়েছে, তার মধ্যে মাত্র সাত হাজার জাতীয় জাদুঘরে প্রদর্শন করা হলেও বাকিগুলো গুদামে সংরক্ষণ করা আছে।