২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে হত্যা, ৫ আসামি ভোলায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দুবছর আগের এক হত্যা মামলায় নিহতের স্ত্রীসহ পাঁচ আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যান্ত অভিযান চালিয়ে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রাম ও ভোলা জজকোর্ট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মাহাফুজুর রহমান।

এরা হলেন জাহাঙ্গীর, নুরে আলম, অজিউল্লাহ, আব্বাস ও নূরজাহান।

এছাড়া এ মামলার আরেক আসামি সাহাবুদ্দিনকে রমাগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় দুই মাস আগে। 

২০১২ সালের ৫মে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয় নির্মাণ শ্রমিক কামাল হোসেনকে। গ্রেপ্তার নূরজাহান কামালের স্ত্রী।

সাহাবুদ্দিন ও নূরজাহানের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে পুলিশ।

ভোলার সহকারী পুলিশ সুপার মাহাফুজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছরের মার্চ মাসে রমাগঞ্জ গ্রাম থেকে সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নারায়ণগঞ্জের নয়ামাটির ভুঁইঘর এলাকা থেকে কামালের কঙ্কাল উদ্ধার হয়।

তিনি বলেন, ভোলার লালমোহনের গজারিয়া এলাকার কামাল তার স্ত্রী নূর জাহানকে নিয়ে নারায়ণগঞ্জে  থাকতেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

একই এলাকায় থাকতেন সাহাবুদ্দিন। তার বাড়িও ভোলায় হওয়ায় কামালের বাসায় আসাযাওয়া করতেন তিনি। এক পর্যায়ে নূর জাহানের সঙ্গে সম্পর্কের বিষয়টি কামাল টের পান। এতে কামালকে হত্যার পরিকল্পনা করেন সাহাবুদ্দিন ও নূর জাহান।

ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, দুজনে সাহাবুদ্দিন ও নূর জাহান মিলে কামালকে হত্যা করে নুরজাহান তার স্বামীকে অপহরণ করা হয়েছে বলে থানায় একটি মামলা করেন। মামলায় তিনি জানান, ভোলার লালমোহন থেকে কামালকে অপহরণ করা হয়েছে। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় ভোলার ডিবি পুলিশ। তদন্তের এক পর্যায়ে সাহাবুদ্দিনকে আটক করে নিহতের কংকাল উদ্ধার করে পুলিশ।

পরে তার স্বীকারোক্তি নিয়ে মঙ্গলবার রাতে অভিযানে নামে ভোলার ডিবি পুলিশ। রাতভর অভিযানে রমাগঞ্জ গ্রাম থেকে চার জনকে এবং ভোলা জজকোর্ট এলাকার শামছুদ্দিন মার্কেটের সামনে থেকে নিহতের স্ত্রী নুরজাহানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।