সিলেটের সাহেবের বাজারে ১৪৪ ধারা জারি
সিলেট সদরের সাহেবের বাজারে টোল আদায় নিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় এ আদেশ জারি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মনোয়ার মুর্শেদ। তবে, কত সময় পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে তা জানানো হয়নি।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সাহেবের বাজারে টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা ও ইজারা গ্রহীতা আলা উদ্দিন মিয়ার লোকজনের মধ্যে শনিবার সংঘর্ষ হয়।
এ ঘটনার পর ব্যবসায়ীরা ধর্মঘট আহবান করলে তা বিচারের মাধ্যমে নিস্পত্তির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ইজারাদারপক্ষ বিচার না মানায় উভয়পক্ষেরে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ জানান, বুধবার সকাল থেকে বাজার এলাকায় মাদরাসা ও ইজারাদার পক্ষ মুখোমুখি অবস্থান নেন। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করতে প্রশাসনকে সুপারিশ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মনোয়ার মুর্শেদ জানান, প্রশাসনের পক্ষ থেকে গত বছর ওই বাজারে খাস কলেকশন করা হয়। এবার দরপত্র আহবান করলে আলাউদ্দিন ইজারা নেন। কিন্তু উন্নয়নের স্বার্থে মাদরাসা কর্তৃপক্ষ বাজারের টোল আদায় করতে চাচ্ছে।
এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
