ঝিনাইদহে লাগাতার হরতাল আহ্বান
ঝিনাইদহ পৌর মেয়র ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বুধবার থেকে ঝিনাইদহে লাগাতার হরতাল ডেকেছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের যৌথ সভা শেষে মঙ্গলবার মেয়র সাইদুল করিম মিন্টু এ ঘোষণা দেন। পরে শহরে মাইকে হরতালের ঘোষণা প্রচার করা হয়।
হরতালে ঝিনাইদহ দোকান মালিক সমিতি সমর্থন দিয়েছে বলেও তিনি জানান।
শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হবিবর রহমান হবুও এ লাগাতার হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার ভোরে শ্রমিক নেতা আব্দুল গাফ্ফারকে ঝিনাইদহ শহরের আরাপপুরে উকিলপাড়ায় রাস্তার উপর কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার ঝিনাইদহে পরিবহন ধর্মঘট পালন করে।
এ ঘটনায় নিহত শ্রমিক নেতার ছোট ভাই রেজাউল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার ঝিনাইদহ সদর থানায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন, যেখানে মেয়রের নামও রয়েছে।
