২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিপইয়ার্ডে জাহাজ কাটতে গিয়ে অগ্নিদগ্ধ ৩ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় একটি শিপইয়ার্ডে পরিত্যক্ত জাহাজ কাটার কাজ করতে গিয়ে তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 08:50 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার তেঁতুলতলা এলাকার পেনিনসুলা শিপব্রেকিং ইয়ার্ডে এঘটনা ঘটে।

আহতরা হলেন- সাজু (২৫), মো. রকিব (২২) ও বকুল (২৫)। তাদেরকে আল-আমীন নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাজী মো. মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে সাজুর শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে।

তিনি বলেন, “সাজুর অবস্থা আশঙ্কাজনক হলেও অন্যরা শঙ্কামুক্ত। তাদের হাত ও মুখে ক্ষতের সৃষ্টি হয়েছে।” 

আহতদের সহকর্মী আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, “দুপুর একটার দিকে ইয়ার্ডে গ্যাসকাটার দিয়ে জাহাজের স্ক্র্যাপ কাটার সময় আগুন লেগে যায়। এসময় কাটারম্যান রাকিবসহ তিনজন দগ্ধ হয়।”

বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সাবেক সভাপতি জাফর আলম এই শিপব্রেকিং ইয়ার্ডের মালিক।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাংবাদিকদের কাছ থেকে এ ধরনের সংবাদ শুনেছি। তবে শিপ ইয়ার্ডের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।

“এ ব্যাপারে খোঁজ খবর নিতে লোক পাঠানো হবে।”