২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটচাঁদপুরে যুবকের কবজি ও পা কর্তন

ঝিনাইদহের কোটচাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে এক যুবকের বাম হাতের কবজি ও বাম পা কেটেছে প্রতিপক্ষের লোকজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 08:28 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

কোটচাঁদপুর থানার ওসি ফজলুর রহমান জানান, উপজেলার সলেমানপুর গ্রামে এ ঘটনায় আহত সোহেল ওই গ্রামেরই বাসিন্দা।

মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে যশোর ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।

গ্রেপ্তাররা হলেন সলেমানপুর গ্রামের সজিবের স্ত্রী কালি ওরফে মর্জিনা, গোলাম রসুলের ছেলে কামাল পাশা ও আদর্শপাড়া গ্রামের মোতালেবের ছেলে রবিউল ইসলাম পিন্টু।

ওসি ফজলুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে সোমবার রাত ১১টার দিকে সোহেলের সঙ্গে আসামিদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসামিরা সোহেলকে উপর্যুপরি কুপিয়ে তার বাম হাতের কবজি ও বাম পা প্রায় বিচ্ছিন্ন করে দেয়।

খবর পেয়ে পুলিশ ও গ্রামবাসী সোহেলকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার দুপুরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়েছে।