সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার একটি বাড়ি থেকে মুমূর্ষু অবস্থায় আরিফ হোসেন(৩২) ও লিটন মিয়াকে(২৮) উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
চকরিয়া হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা মারা যান।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার সমিরণ দাশ গুপ্ত জানান, একটি বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরিফ ও লিটন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। চকরিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরো জানান, উদ্ধারের সময় ফায়ার সার্ভিস কর্মী মফিজুর রহমান ও টিটু আহত হন। আহত ফায়ার সার্ভিস কর্মীদের চকরিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
