চট্টগ্রামে কলেজছাত্রী অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন
কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দণ্ডিত যুবকের নাম মিল্টন হাওলাদার (২৯)। রায়ের পর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
নগরীর বন্দর থানাধীন নৌবাহিনী স্কুল ও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির এক ছাত্রীকে ২০১২ সালের ২৮ অগাস্ট কলেজের সামনে থেকে অপহরণ করেন মিল্টন।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেন। এরপর পুলিশের অভিযানে ওই কলেজছাত্রী উদ্ধার হয়, গ্রেপ্তার হন মিল্টন।
ওই বছরের ৩০ সেপ্টেম্বর পুলিশ মিল্টনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ৮ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
