২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলে দুর্নীতি: ৪ আসামি কারাগারে

পূর্ব রেলে নিয়োগে দুর্নীতি মামলায় মিথ্যা তথ্য দিয়ে উচ্চ আদালত থেকে জামিন নেয়া চার আসামিকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 07:32 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।

এ চারজন হলেন- এস এম আজিজুল হক, এ এস এম সাইদুর রহমান, মো.রবিউল হাসান ও মো. আশরাফুল ইসলাম। এরা পূর্ব রেলের টুল কিপার পদে নিয়োগ পেয়েছিলেন।

এই নিয়োগে অনিয়ম ও পরীক্ষার খাতা ঘষামাজার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করে।

দুদকের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চারজন উচ্চ আদালতে করা জামিন আবেদনে বলেন, তারা এ ঘটনায় জড়িত নন এবং এজাহার ও অনুসন্ধান প্রতিবেদনে তাদের নাম নেই।

“এভাবে মিথ্যা তথ্য দিয়ে তারা অস্তর্বর্তীকালীন জামিন পান। জামিনের মেয়াদ শেষে আজ  আদালতে তারা আত্মসমর্পণ করেছিলেন।”

পিপি মেজবাহ বলেন, মিথ্যা তথ্য দিয়ে জামিন নেয়ার বিষয়টি আদালতে নজরে আনা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ব রেলের টুল কিপার পদে অনিয়মের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দিন ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি মামলা করেন।

ওই মামলায় আসামি করা হয় পূর্ব রেলের সাবেক জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান ও সাবেক জিএম ইউসুফ আলী মৃধাকে।

এদের মধ্যে ৩ মার্চ ইউসুফ আলী, ৭ এপ্রিল হাফিজুর রহমান এবং ৩০ এপ্রিল গোলাম কিবরিয়া আত্মসমর্পণের পর কারাগারে রয়েছেন।

গত বছরের ২২ সেপ্টেম্বর দেয়া অভিযোগপত্রে নিয়োগ পাওয়া চারজনসহ মোট সাত জনকে আসামি করা হয়।

পিপি মেজবাহ উদ্দিন বলেন, আসামিরা যে সময় জামিনের আবেদন করেছেন তার আগেই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয় এবং তাদের মালামাল ক্রোকের নির্দেশ আসে।