২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু প্রকল্পে বিএনপিরও ‘সমর্থন’ আছে: রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিএনপিসহ সব রাজনৈতিক দলের ‘সমর্থন’ রয়েছে বলে দাবি করেছেন এই প্রকল্পে সহায়তাকারী রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 06:09 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

ঢাকা থেকে প্রস্তাব পেলে এই ধরনের আরো বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহায়তায়ও তার দেশ আগ্রহী বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।

মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আলেকজান্ডার নিকোলায়েভ এ আগ্রহের কথা জানান।

রুশ সহায়তায় পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গত বছর রাশিয়ার সঙ্গে চুক্তি করে সরকার।

নিকোলায়েভ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এক নেতা পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ঢাকা ও মস্কোর মধ্যে সই হওয়া চুক্তির সব শর্ত পূরণের আশ্বাস দিয়েছেন।

বিএনপির সঙ্গে এই বিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, দুই বছর আগে তার দায়িত্ব নেয়ার পর দেখা করতে বিএনপি নেতারাও এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সহযোগিতার বিষয়ে বিরোধিতা করেননি।

“পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে তাদের (বিএনপি) কোনো দ্বিমত নেই।”

তবে বিএনপি নেতারা প্রকল্পের স্থান নির্ধারণ নিয়ে কিছুটা ‘দ্বিমত’ পোষণ করেছেন বলে জানান রুশ রাষ্ট্রদূত।

জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ভূমিকম্পের ফলে দুর্ঘটনার পর এই ধরনের প্রকল্পের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা ওঠে বিশ্বজুড়ে।

সম্প্রতি ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কোনৎসে বাংলাদেশের পরমাণু প্রকল্পের নিরাপত্তা ঝুঁকি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ইউরোপের এই দেশ ইতোমধ্যে তাদের সব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

রুশ রাষ্ট্রদূতের মতে, জার্মান রাষ্ট্রদূত ‘বাণিজ্যিক ঈর্ষা’ থেকে ওই শঙ্কা প্রকাশ করেছেন।

নিকোলায়েভ বলেন, রাশিয়ার নিজস্ব বিদ্যুৎকেন্দ্রগুলো যে নকশা অনুসরণ করে নির্মিত হয়েছে রূপপুর কেন্দ্রও সেভাবেই তৈরি হবে। তাছাড়া এটি ফুকুশিমার চেয়ে কয়েকগুণ বেশি নিরাপদ এবং ভূমিকম্পসহনীয় হবে।