২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের ভাইয়ের শটগান জব্দ

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুনের প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর উদ্দিনের বাড়ি থেকে তার শটগানটি উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

পলাতক নূর হোসেন এবং তার স্বজন ও সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিলের পর মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের টেকপাড়া এলাকায় নূর উদ্দিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

ওই এলাকায় নূর হোসেনের সহযোগী জামালউদ্দিনের বাড়িতেও অভিযান চালানো হয়। সেখান থেকে আরেকটি শটগান উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইসেন্স বাতিল হওয়া দুটি অস্ত্র মঙ্গলবার জব্দ করেছেন তারা। অন্যগুলোর সন্ধানেও অভিযান চলবে।

এদিকে ওই ১১টি অস্ত্রের দুটির ( একটি রিভলবার ও একটি শটগান) মালিক জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টারের ছেলে আরিফুল হাসান বাহকের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানায় জমা দিয়েছেন বলে ওসি জানান।

আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি নূর হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আরিফুল হাসান।

যে ১১টি অস্ত্রের লাইসেন্স রোববার বাতিল করে জেলা প্রশাসন, তার মধ্যে এই তিনটি শটগান ও রিভলবারটি রয়েছে।  

নূর হোসেন ও তার সহযোগীরা গত দুই বছরের ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন, যার তালিকা রোববার সাংবাদিকদের দিয়েছিলেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম।

তালিকা অনুযায়ী, এই অস্ত্রের মধ্যে সাতটি শটগান, দুটি পিস্তল, একটি রাইফেল ও একটি রিভলবার রয়েছে।

নূর হোসেন ছাড়াও এসব অস্ত্রের লাইসেন্সধারীদের মধ্যে রয়েছে তার তার ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, তার সহযোগী মো. শাহজাহান,আলী মোহাম্মদ ও সানাউল্লাহ।

পুরনো খবর:

নূর হোসেনের ১১ অস্ত্রের লাইসেন্স বাতিল
শীতলক্ষ্যা তীরে নূর হোসেনদের অবৈধ স্থাপনা উচ্ছেদ