নতুন বাড়ি পেল রংপুরের ১২ সংখ্যালঘু পরিবার
দশম সংসদ নির্বাচনের দিন জামায়াত-শিবিরের হামলায় রংপুরের ক্ষতিগ্রস্ত ১২টি সংখ্যালঘু পরিবারকে নতুন বাড়ি করে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বিজিবির তত্ত্বাবধানে নির্মিত এ টিনসেড পাকা বাড়িগুলো মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে হস্তান্তর করা হয়।
বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সামছুর রহমান দুপুরে উপজেলার নিলামখরিদা সদবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পরিবার প্রধানদের হাতে বাড়ির চাবি তুলে দেন।
কাউনিয়া উপজেলায় ৯টি এবং পীরগঞ্জ উপজেলার ৩টি পরিবারকে বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত তিন পরিবার প্রধানের হাতে বাড়ির চাবি তুলে দেয়া হয়।
বিজিবি-৭ রংপুর ব্যাটালিয়নের পরিচালক মো. রোকনুজ্জামান বলেন, “প্রধানমন্ত্রী বিশেষ তহবিল থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিনসেড পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছি।”
নতুন বাড়ি পেয়ে নিলামখরিদা গ্রামের অনন্ত কুমার রায় বলেন, “নির্বাচনের দিন ভোট দেয়ার অপরাধে স্থানীয় জামায়াত-শিবির নেতা-কর্মীরা হামলা চালিয়ে আমাদের বাড়ি-ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। নতুন বাড়ি গড়ে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে বিজিবির উপ-মহাপরিচালক জুলফিকার আলী, বিজিবি-৭ রংপুর ব্যাটালিয়নের পরিচালক মো. রোকনুজ্জামান, রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
