চুয়াডাঙ্গা ও আখাউড়া সীমান্তে সতর্কাবস্থা
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার পলাতক আসামিদের দেশত্যাগ ঠেকানোর জন্য মঙ্গলবার চুয়াডাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
এ হত্যা মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেনসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, দামুড়হুদা উপজেলার মুন্সীপুর, বাঘাডাঙ্গা ও দর্শনা সীমান্তে এই সতর্কাবস্থার নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি অন্য সীমান্ত এলাকার সব ক্যাম্পগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, মঙ্গলবার সকাল থেকে আখাউড়ার প্রায় ২০ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করছে বিজিবি। আখাউড়া চেক পোস্ট দিয়ে দুই দেশে যাত্রী পারাপারেও কড়াকড়ি করা হয়েছে।
বিজিবি-১২ ব্যাটালিয়নের সুবেদার আমিনুল জানান, বিজিবি সীমান্ত এলাকায় সব সময়ই সতর্ক অবস্থায় থাকে। এই চেক পোস্ট দিয়ে যাত্রী পারাপার কড়াকড়ি করা হয়েছে। নূর হোসেনসহ অন্যান্য আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবি সতর্ক আছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও) মো. মাঈনুদ্দিন খান জানান, নূর হোসেনের পাসপোর্ট নম্বরসহ আরো কয়েকজনের তালিকা দিয়ে তারা যেন বৈধ ও অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার জন্য আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে।
