খুলনায় অটোরিকশা শ্রমিক ও ছাত্রদের সংঘর্ষ
খুলনা নগরীর দৌলতপুরে সরকারি বিএল কলেজের ছাত্রদের সঙ্গে অবরোধকারী অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. গোলাম রসুল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দৌলতপুর থেকে নতুন রাস্তা মোড় পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় ছাত্ররা অর্ধশতাধিক অটোরিকশা ভাংচুর, একটি অটোরিকশাসহ বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন অফিসে অগ্নিসংযোগ এবং আসবাবপত্র ভাংচুর করে।
গত ২৭ এপ্রিল ট্রাক শ্রমিক ও বেবিট্যাক্সি শ্রমিকদের সংঘর্ষের জেরে সোমবার সকালে নগরীর রেলগেট, বৈকালী, নুরনগর এলাকায় ট্রাক শ্রমিকরা ২০টি বেবিট্যাক্সি ভাংচুর, একটিতে অগ্নিসংযোগ ও কয়েকজন চালককে মারধর করে। এ ঘটনার পর অটোরিকশা শ্রমিকরা সড়ক অবরোধ করে।
ওসি মো. গোলাম রসুল জানান, পুলিশের আশ্বাসের পর সোমবার রাত ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন। সকাল সাড়ে ৮টার দিকে নুরনগর এলাকায় আবারও একটি অটোরিকশা ভাংচুর করে ট্রাক শ্রমিকরা। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা আবারও দৌলতপুর ও নতুন রাস্তা মোড়ে বেবিট্যাক্সি দিয়ে রাস্তা আটকে দিয়ে অবরোধ শুরু করে।
অটোরিকশা শ্রমিকরা লাঠিসোটা নিয়ে রাস্তায় অবস্থান নেয়। এক পর্যায়ে দাঙ্গা পুলিশের একটি দল অবরোধকারীদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। দাঙ্গা পুলিশ চলে যাওয়ার কিছুসময় পর আবারও শ্রমিকরা লাঠিসোটা হাতে সড়কে অবস্থান নেয়। এ সময় বিএল কলেজের দুই ছাত্র কলেজ যাওয়ার পথে অবরোধকারীরা তাদের রিকশা থেকে নামিয়ে দেয়।
এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের দুই শতাধিক ছাত্র লাঠিসোটা ও রামদা নিয়ে প্রথমে দৌলতপুর খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। এসময় তারা অটোরিকশা ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। পরে দমকল বাহিনীর দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরো জানান, ছাত্ররা নতুন রাস্তা মোড়ে গিয়ে বেবিট্যাক্সি শ্রমিকদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। কিছুক্ষণ পরে বেবিট্যাক্সি শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে ছাত্রদের ধাওয়া দেয়। ছাত্ররা আবারও সংঘটিত হয়ে লাটিসোটা নিয়ে বেবিট্যাক্সি শ্রমিকদের ধাওয়া দেয় এবং বেবিট্যাক্সি ভাংচুর করে।
দৌলতপুর খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হালিম বন্দ বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের ইন্ধনে পরিকল্পিতভাবে ছাত্ররা বেবিট্যাক্সি শ্রমিকদের অফিস ও বেবিট্যাক্সি ভাংচুর, অগ্নিসংযোগ করে।
এ ব্যাপারে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস দুদু বলেন, হামলা ভাংচুরের ঘটনার সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের কোনো সংশ্লিষ্টতা নেই। বেবিট্যাক্সি ইউনিয়ন পরিবেশবান্ধব সিএনজি চলাচল করতে না দেয়ার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাচ্ছে।
