বিষে মায়ের মৃত্যু, শিশু সন্তান হাসপাতালে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিষক্রিয়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই কারণে অসুস্থ তার শিশু মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বামীর নির্যাতনে অতিষ্ঠ ওই গৃহবধূ নিজে বিষপান করার পর দেড় বছর বয়সী কন্যাশিশুর মুখে বিষ ঢেলে দেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মনিরুজ্জামান জানান, সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলার বাসুড়িয়া গ্রামের লিছু শেখের স্ত্রী বিউটি বেগম ও তাদের মেয়ে রানুকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই বিউটি মারা যান।
ওসি মনিরুজ্জামান জানান, তিন বছর আগে বিয়ের পর থেকেই লিছু শেখ যৌতুকের জন্য বিউটিকে মারধর করত বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
“শ্বশুরের কাছ থেকে নেয়া দেড় লাখ টাকা এবং ধারদেনা করে ৫ মাস আগে লিছু কাতারে যায়। কিন্তু দুই মাস পরই সে কাতার থেকে ফিরে আসে। পাওনাদারদের চাপ সামলাতে টাকার জন্য আবার সে বিউটি বেগমের ওপর নির্যাতন শুরু করে।
“স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার সন্ধ্যায় বিউটি নিজে বিষপান করে সন্তানের মুখে বিষ ঢেলে দেন।”
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
তবে নিহত বিউটির বাবা মোজলেন হকের অভিযোগ, জামাতা লিছু শেখ তার মেয়েকে হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয়।
তিনি বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে যৌতুকের জন্য লিছু শেখ মারপিট করত। তার বিদেশে যাওয়ার সময় দেড় লাখ টাকা দিয়েছিলাম।
“বিদেশ থেকে ২ মাসের মধ্যে ফিরে এসে আরো টাকা দাবি করে। টাকা দিতে না পারায় জামাই আমার মেয়েকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিত।”
