বাগেরহাটে শিবির নেতা গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলার থেকে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সোমবার গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (২৪) কচুয়া উপজেলা দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি।
ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে নির্বাচনের কয়েকদিন আগে সাইফুলের নেতৃত্বে কচুয়া উপজেলায় গজালিয়া এলাকায় রাস্তা কেটে ফেলা হয়। ওই ঘটনায় সাইফুলের বিরুদ্ধে থানায় মামলা হয়।
“এরপর সাইফুল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। সম্প্রতি এলাকায় ফিরে আবারও নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ রাত আড়াইটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।”
