নারায়ণগঞ্জে আরেক ব্যবসায়ী ‘নিখোঁজ’
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে তুলে নিয়ে হত্যার মধ্যে নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণের পর আরেক ব্যবসায়ীর খবর মিলছে না।
বন্দর থানার কাপড় ব্যবসায়ী মো. আমানউল্লাহ সোমবার সকাল থেকে নিখোঁজ। পরিবারের ধারণা, তাকে অপহরণ করা হয়েছে।
আমানের পরিবার থানায় একটি জিডি করেছে। তার সূত্র ধরে পুলিশ তার অনুসন্ধানে তৎপরতা চালাচ্ছে বলে বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ জানিয়েছেন।
আমান বন্দরের দক্ষিণ মুছাপুরের মিনার বাড়ি এলাকার মৃত মিছির আলীর ছেলে। নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেইট এলাকায় তিনি কাপড়ের ব্যবসা করেন।
আমানের বড় ভাই মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পণ্য কিনতে সকাল ৬টার দিকে ৪ লাখ টাকা নিয়ে বন্দর থেকে গাজীপুরের দিকে রওনা হন তার ভাই। সকাল ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন তারা।
“মোবাইল বন্ধ পেয়ে গাজীপুরের যাদের কাছ থেকে আমানউল্লাহ মাল কেনে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু আমানউল্লাহ গাজীপুরে যায়নি বলে জানিয়েছে তারা।”
মোক্তার জানান, দুপুর ২টার দিকে তাদের বড় ভাই আমির হোসেনের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে ।
“ফোনে অপরিচিত এক ব্যক্তি আমানউল্লাহকে টঙ্গীতে খোঁজার পরামর্শ দেন। এরপর টঙ্গী, গাজীপুর এবং এর আশপাশে আমরা খুঁজে এসেছি, কিন্তু তাকে পাইনি।”
কোথাও খুঁজে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আমানের পরিবার।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে তুলে নেয়া হয় কাউন্সিলর নজরুলসহ সাতজনকে। তিনদিন পর তাদের লাশ মেলে শীতলক্ষ্যা নদীতে।
এর মধ্যেই সাইফুল ইসলাম নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী অপহৃত হন। পরদিন সাভারের নবীনগরে তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা।
কসবায় অপহৃত তরুণ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১ লাখ টাকাসহ অপহৃত এক তরুণকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সুমন মিয়া নামে ওই তরুণ কসবার টিআলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি চকচন্দ্রপুর গ্রামে।
সোমবার সকালে অপহৃত হওয়ার পর রাত ৮টার দিকে কুটি-চৌমুহনী সড়কের পাশে তাকে পাওয়া যায় বলে স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন।
সুমনের বড় ভাই জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, কসবা সদরের ইসলামী ব্যাংক থেকে ১ লাখ ১ হাজার টাকা তুলে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল তার ভাই।
“মোবাইল ফোন বন্ধ এবং খুঁজেও না পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর রাতে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়।”
সুমনকে কসবা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, সুমনকে প্রচণ্ড মারধর করা হয়েছে।
কসবা থানার ওসি মিজানুর রহমান বলেন, সুমনের পরিবার থানায় অভিযোগ দেয়ার পর তারা অভিযান শুরু করেন। এর মধ্যেই সুমনকে পাওয়া যায়।
