ব্যবসায়ী সাইফুল অপহরণে ‘জড়িত’ ৩ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলামকে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে নিখোঁজ সাইফুলকে শুক্রবার রাতে সাভারের নবীনগরে হাত-পা বেঁধে ফেলে যাওয়া হয়। তিনি সানারপাড় এলাকার বাসিন্দা।
র্যাব সাইফুলকে উদ্ধারের পর সানারপাড়ের তিন কিলোমিটারের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- নূরজাহান বেগম ও তার স্বামী ইউনুস আলী এবং দক্ষিণ যাত্রাবাড়ীর বিকাশ এজেন্ট মো. আকাশ।
গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, ভোরে যাত্রাবাড়ী থেকে নূরজাহান ও ইউনুসকে গ্রেপ্তার করা হয়।
বিকালে আকাশকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উপকমিশনার মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, “অপহৃতের পরিবার কোন মোবাইল নম্বরে কত টাকা বিকাশের মাধ্যমে দেবে, তা ঠিক করে অপহরণের পুরো পরিকল্পনা করেছিল আকাশ।”
গ্রেপ্তার সবাই অপহরণে জড়িত ছিল দাবি করে মাসুদুর রহমান বলেন, আর কেউ জড়িত কি না, এদের জিজ্ঞাসাবাদে তা বেরিয়ে আসবে।
নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে তুলে নিয়ে হত্যার মধ্যে সাইফুল অপহৃত হলে তা নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
এর মধ্যেই শুক্রবার রাত পৌনে ১২টার দিকে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে একটি হোটেলের সামনে সাইফুলকে পাওয়ার কথা জানায় র্যাব।
বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানান, বিসমিল্লাহ হোটেলের কাছে একটি সাদা মাইক্রোবাস থেকে সাইফুলকে ফেলে যায় দুর্বৃত্তরা।
সাইফুল উদ্ধারের পর র্যাবের মুখখাত্র এটিএম হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “অপহরণকারীরা সাইফুলের পরিবারের কাছে একাধিকবার ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সাইফুলকে উদ্ধারে তৎপর হয়ে উঠে র্যাবের গোয়েন্দা দল।”
সাইফুলের খোঁজ না পেয়ে তার স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। এতে বলা হয়েছে, রাতেই তাকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
