২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী মিলল সাভারে

নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে সাভারে পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 12:37 AM

Updated : 25 Apr 2022, 04:07 PM

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানান, শুক্রবার রাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টার দিকে স্মৃতিসৌধের মূল ফটকের বিপরীত দিকের বিসমিল্লাহ হোটেলের কাছে একটি সাদা মাইক্রোবাস থেকে তাকে ফেলে যায় দুর্বৃত্তরা।

সাইফুল উদ্ধার হওয়ার পর রাত দেড়টার দিকে সাভারের নবীনগরে র‌্যাব-৪ এর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এটিএম হাবিবুর রহমান।

তিনি বলেন,  “অপহরণকারীরা পরিবারের নিকট একাধিকবার ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সাইফুলকে উদ্ধারে তৎপর হয়ে উঠে র‌্যাবের গোয়েন্দা দল।

“অপহৃত সাইফুলের অবস্থান ঢাকার পশ্চিম দিকের লোকেশনে ছিল বলে আমরা জানতে পারি। র‌্যাবের এ তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিয়েছে বলে আমরা ধারণা করছি।”

র‌্যাব কার্যালয়ে সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “রাতে চার থেকে পাঁচ জন লোক জোর করে আমাকে গাড়িতে ঢুকিয়ে নেয়। এরপর পরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে এলে চোখ হাত-পা বাঁধা অবস্থায় একটি ঘরে বসে আছি বুঝতে পারি। কিছুক্ষণ পর এক লোক এসে আমার পায়ে ৪/৫টা বাড়ি দেয়, পরে রুমে পড়ে থাকি। সকালে এক লোক একটি পাউরুটি খেতে দেয়।”

এরপর হাত ও চোখ বাঁধা অবস্থায় ওই ঘরেই ছিলেন জানিয়ে সাইফুল বলেন, “পরে কোনো এক সময় আবার আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। এক সময় হাতের বাঁধন ও চোখের বাঁধন খুলে কোমরে লাথি দিয়ে ফেলে দেয়।”

পরে উঠে ওই হোটেলের (বিসমিল্লাহ হোটেল) সামনে আসেন বলে জানান তিনি। তখন লোকজনকে জিজ্ঞেস করলে তারা সাভার স্মৃতিসৌধ এলাকা বলে জানায়।

“হোটেলে আসার সাথে সাথে  র‌্যাবও চলে আসে,” বলেন তিনি।

সাইফুল বলেন,  পিছন দিক দিয়ে এসে ধরে তাকে গাড়িতে উঠানো হয়েছিল। এরপর তার মাথা সিটের নিচের দিকে চেপে ধরে রাখা হয়। তাই কাউকে চিনতে পারেননি।

তবে কারো সঙ্গে তার কোনো বিরোধ নেই বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন নারায়ণগঞ্জের সানারপাড়ের ব্যবসায়ী সাইফুল ইসলাম।

এ ঘটনায় সাইফুলের স্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন, যাতে বলা হয়েছে রাতেই তাকে ফোন করে স্বামীর জন্য তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার নারায়ণগঞ্জে অপহৃত কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনের লাশ উদ্ধার হয়।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকা থেকে আরো এক ব্যবসায়ীর নিখোঁজের খবর শুনে

শুক্রবার সকালে সড়কে নেমে বিক্ষোভ করে ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।

এ সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘অপহরণ’