২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘অপহরণ’

নারায়ণগঞ্জের সানারপাড় থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে ফোনে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 11:56 AM

Updated : 13 Oct 2022, 12:03 PM

ওই ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার রাত ১০টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সানারপাড়ের সোনামিয়া মার্কেটের সামিয়া সুপার শপের মালিক তিনি।

নিখোঁজ হওয়ার পর সাইফুলের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল হান্নান এবং স্ত্রী সাদিয়া আফরিনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে তারা জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত থেকে ব্যবসায়ী সাইফুল ইসলামকে পাওয়া যাচ্ছে না বলে তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জানিয়েছেন। ইতোমধ্যে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলেও ওই ব্যবস্থাপক পুলিশকে অবহিত করেছেন।”

অপহরণের ঘটনায় সাইফুলের স্ত্রী সাদিয়া আফরিন সুলতানা একটি জিডি করেছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আমিনুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত থেকেই সাইফুলের মোবাইল ফোন বন্ধ রয়েছে। জিডিতে সাদিয়া উল্লেখ করেছেন- রাত সাড়ে ১০টার দিকে তার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন এসেছিল।”

সাইফুল ইসলামের স্ত্রী সাদিয়া আফরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে সাইফুলের সঙ্গে তার টেলিফোনে শেষ কথা হয়। টেলিফোনে সাইফুল তাকে জানায়- তিনি সানারপাড়ে আছেন, কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছেন। এর আগে ফিরোজ নামে একজনের সঙ্গে তার দেখা করতে যাওয়ার কথাও তিনি তাকে জানান।

“ফিরতে দেরি হওয়ায় আমি দ্বিতীয় দফায় ফোন করলে তার মোবাইল বন্ধ পাই। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

সাইফুলের সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব ছিল না বলেও তিনি দাবি করেন।

অবশ্য পুলিশ সুপার ড. মহিদউদ্দিন বলেছেন, “এ ঘটনা অপহরণ কিনা তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

শুক্রবার সকালে ঘটনা জানাজানি হলে ওই ব্যবসায়ীর সন্ধান দাবিতে সানাড়পাড়ায় রাস্তায় নেমে আসে এলাকাবাসী। এ সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

গত রোববার নজরুল ও চন্দন সরকার ছাড়াও অপহৃত হন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহসভাপতি তাজুল ইসলাম, নারায়ণগঞ্জের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী মনিরুজ্জামান স্বপন ও লিটন, চন্দনের গাড়িচালক মো. ইব্রাহিম এবং নজরুলের গাড়িচালক মো. জাহাঙ্গীর।

তিন দিন পর বুধবার দুপুরের পর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে হাত-পা বাঁধা ছয়টি লাশ ভেসে ওঠে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নদীর ওই এলাকা থেকেই আরেকটি লাশ উদ্ধার করা হয়।