আদালতের ভবনগুলোতে পর্যাপ্ত লিফট চান আইনজীবীরা
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতসহ অন্যান্য ভবনগুলোতে পর্যাপ্তসংখ্যক লিফট স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা।
সোমবার পুরান ঢাকার আদালত চত্বরে এই মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সব শ্রেণিপেশার আইনজীবীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মহসীন মিয়া বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আদালতের মাঠে এক জনসভায় বলেছিলেন, আমাদের এই লিফট সমস্যার সমাধান করা হবে।
“কিন্তু আজও তার কোনো খবর নেই আমাদের কাছে। তাই আমরা এই মানব বন্দন করেছি।”
আগামী একমাসের মধ্যে লিফট সমস্যার সমাধান না হলে আদালত বর্জনসহ আরো কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তিনি।
ঢাকার আদালত ভবনের লিফটগুলোর মধ্যে সিএমএম আদালতের দশ তালা ভবনে দুটি, জেলা জজ আদালতের আট তলা নতুন ভবনে দুটি ও পুরাতন ভবনে একটি ছোট লিফট রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মাত্র একটি লিফট থাকলেও চারতলার উপরে ওঠে না।
আইনজীবীরা জানান, এসব লিফটে প্রতিবার মাত্র পাঁচ থেকে সাতজন লোক ওঠা-নামা করতে পারে। একারণে হাজার হাজার লোক ওঠা-নামা করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। ফলে প্রতিদিন সকালে প্রতিটি লিফটের সামনে থেকে আদালতের পার্শ্বের যাতায়াতের রাস্তা পর্যন্ত বিচারপ্রার্থী ও আইনজীবীদের দীর্ঘ লাইন থাকে।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা প্রায় ২০ হাজার। এর মধ্যে ১০ হাজারেরও বেশি আইনজীবীর বয়স ৫০ অথবা তদূর্ধ্ব কিংবা ৬০-এর চেয়েও বেশি বয়সী। বহুতল ভবনে সিঁড়ি বেয়ে ওঠা তাদের জন্য কষ্টকর।
