মেয়র আইভীর কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডে মেয়র সেলিনা হায়াত আইভীকে দায়ী করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
সোমবার বিকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শোকসভা শেষে আইভীর তিনটি কুশপুত্তলিকা দাহ করা হয়।
২৭ এপ্রিল কাউন্সিলর নজরুল, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহৃত হন। এর তিনদিন পর তাদের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
শোকসভায় এ হত্যার ঘটনার প্রতিবাদ এবং হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
সভায় জেলা আওয়ামী লীগ নেতা আইনজীবী আনিসুর রহমান দীপুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল প্রমুখ।
সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সমর্থক এই বক্তারা বলেন, নারায়ণগঞ্জে কোনো ঘটনা ঘটলেই মেয়র সেলিনা হায়াৎ আইভী তদন্ত ছাড়াই ওসমান পরিবারের লোকজনকে দায়ী করেন।
তারা দাবি করেন, নজরুল, মাকসুদ, পারভেজের মতো আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের একের পর এক হত্যা করা হচ্ছে এবং হত্যার আগে তাদের নামের আগে বিশেষণযুক্ত করে সন্ত্রাসী বানানো হচ্ছে।
এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে দাবি করেন তারা।
