না’গঞ্জে দম্পতি খুন হন মেয়ের হাতে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সম্পত্তির জন্য দম্পতি খুন হন বলে মেয়ে পুলিশকে জানিয়েছে।
সোমবার নিহত আমানউল্লাহর মেয়ে হাবিবা পুলিশকে এ স্বীকারোক্তি দেয় বলে পুলিশ সাংবাদিকদের জানায়।
রোববার রাতে কাশিপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দাইর বাজার এলাকায় খুন হন ফতুল্লার ভোলাইল এলাকার আমানউল্লাহ (৫৫) ও তার দ্বিতীয় স্ত্রী হোসনে আরা (৩৫)।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি বড় চাকু ও রক্তমাখা কাপড়চোপড় উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত শাখা সিআইডি।
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আমানউল্লাহর মেয়ে হাবিবাসহ তিন জনকে আটক করা হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, রাত সাড়ে ৩টার দিকে কাশিপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দাইর বাজার এলাকায় আমান উল্লাহর বাড়িতে তার মেয়ে হাবিবার কান্নার শব্দে শুনে প্রতিবেশীরা ওই বাড়ির কলাপসিপল গেইটের সামনে গিয়ে দেখেন তার হাত-পা বাঁধা।
আর ঘরের বিছানায় তার বাবা আমানউল্লাহর রক্তাক্ত দেহ এবং হোসেনে আরার রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে এলাকা ঘেরাও করে রেখে সিআইডির ফরেনসিক বিভাগকে খবর দেয়। পরে সিআইডির ফরেনসিক বিভাগ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আকতার হোসেন আরো জানান, জিজ্ঞাসাবাদে মেয়ে হাবিবা স্বীকার করেন, সম্পত্তির জন্য তার বাবা ও সৎ মাকে তিনি এবং তার ভাই আরিফসহ চার জন মিলে কুপিয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
