২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুশীল সমাজকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের সুশীল সমাজকে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 07:57 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

বেলজিয়ামের রাষ্ট্রদূত পিয়েরে ভ্যাসেন সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে আসলে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশে একটি সক্রিয় সুশীল সমাজ রয়েছে রয়েছে বলে রাষ্ট্রদূত ভ্যাসেন মন্তব্য করেন।

এর প্রেক্ষাপটে রাষ্ট্রপতি বলেন, “দেশের সুশীল সমাজকে তাদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে।”

বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথমদিকে স্বীকৃতি দেয়া দেশগুলোর মধ্যে বেলজিয়াম থাকায় রাষ্ট্রপতি কৃতজ্ঞতার সঙ্গে তা স্মরণ করেন। ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় বেলজিয়াম।

দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে  ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে উভয় দেশের ব্যবসায়ী এবং সংসদ সদস্যদের সফরের ওপর গুরুত্বারোপ করেন আবদুল হামিদ।

রাষ্ট্রদূত বলেন, বেলজিয়াম সীমিত সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিচ্ছে।  ঢাকাস্থ সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ‘স্বল্প মেয়াদি’ ভিসার জন্য কার্যক্রম পরিচালনা করবে।

এর মধ্য দিয়ে বাংলাদেশি ছাত্রদের বেলজিয়ামের শিক্ষা ভিসার জন্য আর নয়া দিল্লিতে যাওয়ার দরকার পড়বে না।