বস্ত্র খাতের নিয়ন্ত্রণ পেল বস্ত্র দপ্তর
বিনিয়োগ বোর্ড নয়, বস্ত্র খাতের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকবে বস্ত্র দপ্তরের কাছে।
বস্ত্র খাতের ‘পেট্রন অর্গানাইজেশন’ হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র দপ্তরে ন্যস্ত করার প্রস্তাব সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
বস্ত্র খাত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিনিয়োগ বোর্ড হবে, না বস্ত্র দপ্তর হবে, তা স্পষ্ট করতে শিল্প মন্ত্রণালয় এ বিষয়টি উত্থাপন করেছিল।
সচিব বলেন, “মূল বিষয় হল বস্ত্র খাতের পেট্রন অর্গানাইজেশন হবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র দপ্তর, বিনিয়োগ বোর্ড হবে না।”
বাংলাদেশের শিল্পনীতিতে (১৯৯১) বলা আছে, যে খাতের শিল্প সে খাত যে মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন তারা পোষক কর্তৃপক্ষ হবে।
সচিব জানান, কিন্তু ১৯৯২ সালের ৭ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্তে শিল্পনীতির ফুটনোট সংশোধন করা হয়, সেখানে বলা হয়েছিল ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষেত্রে বিসিক, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মধ্যের শিল্প বেপজা এবং অন্যান্য ক্ষেত্রে ‘পেট্রন অর্গানাইজেশন’ হিসেবে বিনিয়োগ বোর্ডের আওতায় আসবে।
“বস্ত্রখাতের পেট্রন অর্গানাইজেশন কে হবে, সাধারণভাবে তা বস্ত্র ও পাট মন্ত্রণালয় হওয়ার কথা কিন্তু ফুটনোটে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বোর্ড হবে বলায় তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।”
বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর ২০১২ সালের ২০ জুন জাতীয় শিল্প উন্নয়ন পরিষদে এক বৈঠকে সিদ্ধান্ত হয় যে ‘এলোকেশন অব বিজনেস’ অনুযায়ী যে মন্ত্রণালয়ের যে দায়িত্ব দেয়া আছে, তারাই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে।
