২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পড়ার অধিকার ফিরে পেল ৬ বছরের রাইতা

হাই কোর্টে রিট করে ক্লাসে যাওয়ার অধিকার ফিরে পেল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে মায়ের ‘দুর্ব্যবহারে’ স্কুল থেকে বিতাড়িত প্রথম শ্রেণির এক শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 03:57 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

কাজী রাইতা রহমান নামে ওই শিক্ষার্থী রাজধানীর লালবাগ মডেল স্কুল ও কলেজে পড়াশোনা করে। গত মাসের মাঝামাঝি সময় থেকে মায়ের ‘অপরাধে’ তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় স্কুল কর্তৃপক্ষ।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রোববার রিট করে রাইতা। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার পক্ষে হলফনামায় স্বাক্ষর করেন তার মা বিলকিস বানু। রাইতার বর্তমান বয়স ৬ বছর।

ওই রিটের প্রাথমিক শুনানি করে সোমবার হাই কোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও  বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুল জারির পাশাপাশি একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

আদেশে অন্য শিক্ষার্থীদের মতো রাইতাকেও ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ দিতে ওই স্কুল ও কলেজের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।

রুলে শৃঙ্খলা বিধি ও নীতিমালা অনুসরণ না করে রিটকারীকে স্কুল ত্যাগে বাধ্য করে দেয়া নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত।

শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারীরপক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ এপ্রিল রাইতার মা অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করে ১৭ এপ্রিল একটি নোটিশ দেয় স্কুল কর্তৃপক্ষ। এতে রাইতাকে স্কুল থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যা কার্যকর হয় ১৯ এপ্রিল।

রাইতার বাবা কাজী ওবায়দুর রহমানকে দেয়া ওই নোটিশে বলা হয়, “আপনার সন্তানকে তার মায়ের শৃঙ্খলাভঙ্গের অপরাধে কেন বহিষ্কার করা হবে না সাত দিনের মধ্যে তা জানানোর নির্দেশ দেয়া গেল।”

হালিম বলেন, “আমরা ওই নোটিশের জবাব দিয়েছি। যেখানে তার মায়ের বিরুদ্ধে আনা অভিযোগও আমরা সত্য নয় বলছি। তা ছাড়া তার মায়ের বিরুদ্ধে আনা অভিযোগ সত্যি হলেও সেই অপরাধে তাকে স্কুল থেকে বহিষ্কার করা যায় না। এ বিষয়ে আমরা একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। সেটার কোনো জবাব দেয়নি। এরপর আমরা হাই কোর্টে রিট করি।”