খুলনায় অটোরিকশা শ্রমিকদের সড়ক অবরোধ
চালকদের মারধর ও গাড়ি ভাংচুরের অভিযোগে খুলনায় সড়ক অবরোধ করেছে অটোরিকশা শ্রমিকরা।
সোমবার সকাল ১০টা থেকে দৌলতপুরে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছে দৌলতপুর খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়ন।
শ্রমিকরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে।
দৌলতপুর-খুলনা বেবিট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হালিম বন্দ বলেন, গত ২৭ এপ্রিল ট্রাক শ্রমিক ও বেবিট্যাক্সি শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে।
তিনি অভিযোগ করেন, ওই ঘটনার জের ধরে সোমবার সকালে নগরীর রেলগেট, বৈকালী, নুরনগর এলাকায় ট্রাক শ্রমিকরা ২০টি বেবিট্যাক্সি ভাংচুর, একটিতে অগ্নিসংযোগ ও কয়েকজন চালককে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বলে জানান তিনি।
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বকস দুদু অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রাক শ্রমিকরা কোনো বেবিট্যাক্সি ভাংচুর বা চালককে মারধর করেনি।
পরিবেশবান্ধব সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার জন্য বেবিট্যাক্সি ইউনিয়নের নেতা হালিম বন্দ ও তার লোকজন নিজেদের বেবিট্যাক্সি ভাংচুর করে ট্রাক শ্রমিকদের উপর দোষ চাপাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
দৌলতপুর থানার ওসি মো. গোলাম রসুল বেলা সাড়ে ৩টায় জানান, সকালে কে বা কারা কয়েকটি বেবিট্যাক্সি ভাঙচুর করেছে। এরপর থেকে বেবিট্যাক্সি চালকরা খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছে।
অবরোধস্থলের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
