চট্টগ্রামে ২৭ জামায়াত-শিবির কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের রায় ঘোষণার পর নাশকতা রোধে রোববার রাতে দুই উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সহিংস ঘটনায় হওয়া মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, জামায়াত নেতাদের রায় ঘোষণাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
“অভিযানে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।”
একই ধরনের অভিযানে সাতকানিয়ার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাতকানিয়া থানার এএসআই রফিকুল ইসলাম।
