চট্টগ্রামের ডিসি হিলে গণসঙ্গীত উৎসব শুরু
চট্টগ্রাম নগরীর ডিসি হিল মুক্তমঞ্চে শুরু হয়েছে দু’দিনের গণসঙ্গীত উৎসব।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত ‘বৃহত্তর চট্টগ্রাম জেলা গণ সংগীত উৎসবের’ উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অ্যধাপক অনুপম সেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন হয়।
পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম।
অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম কুদ্দুস, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, চট্টগ্রামে উৎসব কমিটির সদস্য সচিব অশোক সেনগুপ্ত ও সংস্কৃতিকর্মী দেওয়ান মাকসুদ আহমেদ।
সভাশেষে গণসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী, সংগীত ভবন, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠন ও শিল্পীরা।
সোমবার উৎসবের শেষদিনে বিভিন্ন সংগঠন গণসঙ্গীত পরিবেশন করবে।
