কুড়িগ্রামে অপহরণ মামলায় রিমান্ডে পুলিশ
কুড়িগ্রামে এনজিও কর্মকর্তা অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় পুলিশের দুই কনস্টেবল ও এক সোর্সকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
রোববার কুড়িগ্রামের মুখ্য বিচারিক হাকিম মো. রেজাউল করিম সরকার এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে শুনানির পর বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করেন। একইসঙ্গে কনস্টেবল আতিকুজ্জামানকে একদিনের এবং অপর কনস্টেবল মামুনুর রশিদ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স মনু মেকারকে দুদিন হেফাজতে নেয়ার আদেশ দেন।
এ ঘটনায় জড়িত অপর এক পুলিশ কনস্টেবল শাহ আলম পলাতক রয়েছে।
অভিযোগ রয়েছে, পুলিশের তিন সদস্য ও তাদের সোর্স বুধবার সন্ধ্যায় রৌমারী উপজেলার এনজিও কর্মকর্তা মাইদুল ইসলামকে অপহরণ করে। পরে ১০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হয় তাকে।
অভিযোগ পেয়ে আতিকুজ্জামান, মামুনুর রশিদ ও মনু মেকারকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় মামলার পর এই পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান লেনিন বলেন, "আসামিরা এর আগেও এ ধরনের নানা অপকর্মে লিপ্ত ছিল।"
