২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অনলাইন কজ লিস্ট সিস্টেম

কিশোরগঞ্জ আদালতের কার্যক্রমে অনলাইন কজ লিস্ট সিস্টেম উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার বিকালে কিশোরগঞ্জ সার্কিট হাউজে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠারে প্রধান বিচারপতি বলেন, অনলাইন কজ লিস্ট সিস্টেম চালুর ফলে পৃথিবীর যেকোনো স্থান থেকে যে কেউ কিশোরগঞ্জ আদালতের কোনো মোকদ্দমার বর্তমান অবস্থা, পরবর্তী তারিখসহ যাবতীয় বিষয়াদী জানতে পারবেন।

এজন্য সশরীরে আসার প্রয়োজন নেই। এর ফলে বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

মোজাম্মেল হোসেন বলেন, মোকদ্দমা দায়ের, সমন জারি, রায় প্রস্তুত ও নকল সরবরাহসহ পুরো বিচার প্রক্রিয়াকে ডিজিটালাইজড করার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, সারাদেশের আদালতসমূহে বর্তমানে অনিষ্পন্ন মোকদ্দমার সংখ্যা ২৭ লাখ। এই বিরাট সংখ্যাই মামলা নিষ্পত্তিতে বিলম্বের অন্যতম কারণ এবং বিচার ব্যবস্থার প্রধান সমস্যা।

প্রচলিত বিচার প্রক্রিয়ায় অনিষ্পন্ন মামলার দ্রুত নিষ্পত্তি করাও অসম্ভব। তাই মেডিয়েশন বা মধ্যস্থতার মাধ্যমে বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার বিষয়ে মত দেন তিনি।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক পিপি জিল্লুর রহমান।

কিশোরগঞ্জের বিভিন্ন আদালতে কর্মরত বিচারক ও আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।