২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ব্যক্তির পায়ে গুলি

যশোরে কথিত ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ, যারা একটি ছিনতাই মামলার আসামি।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শনিবার রাত ১০টার দিকে শহরতলীর বাহাদুরপুরে এ সংঘর্ষে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই আজগর হোসেন জানান, আটকরা হলেন শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার আরিফ ও রানা।

দুজনেরই পায়ে গুলি লেগেছে। তাদেরকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া বোমার স্প্লিন্টারের আঘাতে আহত কনস্টেবল রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

থানা পুলিশ আরো জানায়, শনিবার দুপুরে সরদার ফিলিং স্টেশনের মালিক মাসুদুর রহমানকে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার মহিবুল্লাহ শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেন। রানা ও আরিফ এই ছিনতাই মামলার আসামি।

থানার এএসআই রবিউল আলম পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে আরিফ ও রানাসহ ৭/৮ জন বোমা ও ধারালো অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য ওঁত পেতে ছিল।

গোপন খবর পেয়ে সেখানে যায় পুলিশ গেলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটনায়। এতে বোমার স্প্লিন্টারে আহত হন কনস্টেবল রফিকুল ইসলাম।

পুলিশও পাল্টা ৪/৫ রাউন্ড গুলি ছুড়লে আরিফ ও রানার ডান পায়ে দুটি গুলি লাগে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ওই দু’জনকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে চারটি তাজা হাতবোমা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা পলাশ।

এদিকে, ধারালো অস্ত্রের আঘাতে আহত সরদার ফিলিং স্টেশনের মালিক মাসুদুরকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছিনতাই হওয়া মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।