পাওনা টাকার জন্য আটকে রেখেছিল
চাঁদপুর শহরে পাওনাদারের হাতে চার দিন ধরে আটক পাঁচ ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে শহরের যমুনা রোডের একটি দোকানে এ অভিযান চালানো হয়।
উদ্ধার হয়েছেন খোকন (২৬), সফিকুল (৩০), নজরুল ইসলাম (৪০), আবু খান (৫২) ও তার ভাই আইয়ুব খান (৫৫)। তাদের সবার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার টেংড়াপুরা এলাকায়।
আটক দুজন হলেন শহরের যমুনা রোড এলাকার নজরুল ইসলাম সরদার (৫৫) ও আব্দুল গফুর গাজী (৩৫)।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা রোড এলাকায় নজরুল ও গফুরের ভাঙ্গারির দোকানে কাজ করতেন বগুড়ার আট ব্যক্তি। তারা বিভিন্ন সময় নজরুলের কাছ থেকে ৬৩ হাজার টাকা ও গফুরের কাছ থেকে ৭৫ হাজার টাকা ধার নেন।
ধারের এই টাকার কিছু অংশ না পেয়ে আট জনকেই গত চার দিন ধরে একটি ঘরে আটকে রাখেন নজরুল ও গফুর।
এ আট জনের মধ্যে আজিজ (১৮), মিস্টার (২০) ও নজরুল খাঁ (৩০) নামে বাড়ি থেকে টাকা আনার কথা বলে মুক্তি পান এবং দেশের বাড়ি বগুড়ায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান।
সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের পুলিশ ওই দোকানে অভিযান চালায়।
