ত্রিশালে জঙ্গি ছিনতাই: আটক ৮ জন রিমান্ডে
ময়মনসিংহে প্রিজনভ্যান থেকে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
ময়মনসিংহের বিচারিক হাকিম ফারজানা ইয়াসমিন রোববার এ আদেশ দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাজেদুল ইসলাম।
তিনি জানান, আটক ৮ জনকে গত ১মে আদালতে হাজির করে হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়। রোববার এ ব্যাপারে শুনানির পর আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এরা হলেন জেএমবি সদস্য কামাল হোসেন সবুজ, ইউসুফ আলী সোহাগ, সোহেল রানা, মুর্শেদ আলম, ইলিয়াস উদ্দিন, আবু বকর সিদ্দিক ওরফে স্বপন, বাছির উদ্দিন ও আনোয়ার হোসেন।
গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে বোমা হামলা ও গুলি চালিয়ে পুলিশ হত্যা করে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়া হয়। এরমধ্যে কয়েকঘণ্টা পর একজন ফের আটক হয় এবং পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।
এ ঘটনায় র্যাব বিভিন্ন স্থান থেকে ৮ জনকে আটক করে। পরে ত্রিশাল থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
রোববার ময়মনসিংহ কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। আদেশের পর তাদের আবার কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি মাজেদুল।
